জন্ডিস মানেই শুধু লিভারের সমস্যা নয়

জন্ডিস মানেই যে কেবল লিভারের সমস্যা, তা না-ও হতে পারে। কী কারণে রোগটি হচ্ছে, তা জানা খুব জরুরি।

 কখনও ভ্যাপসা গরম, আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি।  এই সময় সংক্রমণ জনিত রোগ বেশি হয়।  হজমে সমস্যা, পেটের গোলমাল, ডায়েরিয়া লেগেই থাকে।  অজান্তেই কখন জন্ডিস বাসা বাঁধবে শরীরে, বুঝতে অনেক দেরি হয়ে যাবে।  জন্ডিস মানেই যে কেবল লিভারের সমস্যা, তা না-ও হতে পারে।  কী কারণে রোগটি হচ্ছে, তা জানা খুব জরুরি।

রক্তে যে লোহিত রক্তকণিকা (আরবিসি) রয়েছে, তার আয়ু এমনিতে চার মাস।  রোজই তাই মানুষের শরীরে কিছু কিছু কণিকা ভেঙে যায়।  এই ভাঙনের ফলে আরবিসি থেকে বিলিরুবিন নিঃসৃত হয়ে রক্তে মেশে।  বিলিরুবিন একটি যৌগ পদার্থ।  এর স্বাভাবিক মাত্রা ১ বা ১.২ মিলিগ্রাম প্রতি ডেসিলিটার-এর নীচেই থাকে।  রক্তের মাধ্যমে বিলিরুবিন প্রথমে পৌঁছয় লিভারে।  এর পর লিভার থেকে বাইল ডাক্ট হয়ে যায় খাদ্যনালিতে।  শেষে মল ও মূত্রের সঙ্গে কিছু পরিমাণে বেরিয়ে যায়।  যদি এই পর্বটি বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ, বিলিরুবিন ঠিকমতো বেরোতে না পারে, তখন এর মাত্রা বাড়তে থাকে ও জন্ডিস হয়।  মেডিসিনের চিকিৎসক অরুণাংশু তালুকদারের মতে, কোনও ব্যক্তির হেমোলাইটিক অ্যানিমিয়া (থ্যালাসেমিয়ার মতো রোগ, যেখানে রক্ত ভেঙে যায় তাড়াতাড়ি)হলে অথবা কোনও সংক্রমণ জনিত রোগ হলে লোহিত কণিকা ভেঙে যাওয়ার ওই পর্বটি বাধা পায়।  ফলে জন্ডিস হয়।