সচিবালয়ে আনসারদের হামলায় ৬ সেনাসদস্য আহত
রাজধানীর সচিবালয় এলাকায় নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের ওপর ইটপাটকেল নিক্ষেপসহ লাঠি দিয়ে আঘাত করেন বিক্ষুব্ধ আনসার সদস্যরা। এ সময় ছয় সেনাসদস্য আহত হন এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেনাবাহিনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গতকাল (রোববার) আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনা সদস্যগণ বাংলাদেশ সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সচিবালয়ের সকল গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এদিন বিভিন্ন সময়ে আনুমানিক ১০ হাজার আনসার সদস্য একত্রিত হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের ০৭ জন উপদেষ্টাসহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে মহাপরিচালক, আনসার ও ভিডিপি সচিবালয়ে আগমন করেন এবং আনসার সদস্যদের সকল দাবি মেনে নেন। এরপরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও ভিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের ৩ নম্বর গেট ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা করে।'

Social Plugin